"
<p>পশ্চিমবঙ্গ সরকারের উপজাতি উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনায় চেয়ারম্যান ভূমিজ উন্নয়ন বোর্ড ও ডিভিশনাল কমিশনার মেদিনীপুর বিভাগের উদ্যোগে রাজ্যের ভূমিজ সম্প্রদায় এবং এই বিভাগের অন্তর্গত গোষ্ঠীগুলির সমস্যার কাহিনী জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে "ভূমিজ খবর" শীর্ষক একটি "ত্রৈমাসিক নিউজলেটার" প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের সাথে যুক্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভূমিজ উন্নয়ন বোর্ড পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটি অন্যতম মেরুদণ্ড। ভূমিজ সমাজের প্রান্তিক মানুষ জোটবদ্ধ হয়ে সমবেত ভাবে কীভাবে তাঁদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করতে পারেন তার সেরা নিদর্শন এই ভূমিজ বোর্ড। পশ্চিমবঙ্গ সরকারের উপজাতি উন্নয়ন বিভাগের নেতৃত্বে এই বোর্ড ভূমিজ ভাষা, ঐতিহ্য এবং সংস্কৃতির সুরক্ষা, লোকশিল্প, শিক্ষা ও খেলাধুলা সহ সকল ভূমিজ সম্প্রদায়ের বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরও শক্তিশালী করার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যুগান্তকারী প্রকল্পের সুবিধা প্রদানের পাশাপাশি বোর্ডের সাথে নিবিড় সংযোগ স্থাপন করে তাঁদের সহজে বিভিন্ন সাহায্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। যার ফলস্বরূপ বাংলার গ্রামীণ ভূমিজ সম্প্রদায়ের ভিত আরও শক্তিশালী হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই "ভূমিজ খবর" ত্রৈমাসিক প্রকাশনা আপামর জনসাধারণের মধ্যে ভূমিজ সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে সক্ষম হবে এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে ভূমিজ আন্দোলনের সুফল পৌঁছে দেওয়া সম্ভবপর হবে। এই প্রকাশনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।</p>
মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ
"