editorial

সার্থক জনম

লেখক: অর্ঘ্য ভূষণ সিংহ (Chief Editor)

<p>অর্ঘ্য ভূষণ সিংহ (Chief Editor)** ধন্য মম হয়েছে জীবন, জন্ম লভি ভূমিজ কুলেতে। বক্ষ সদা স্ফীত হয় স্মরি যবে স্বজাতির অতীত গরিমা। শান্ত স্নিগ্ধ বনানীর স্নেহনীড়ে আমি রচিযা কুটির নিবাস করি সেথা শুভ্র বনচারী নির্মল আনন্দে। হিংস্র শ্বাপদেরে পরাভুত করি গড়িয়া তুলিল এক সুসংবদ্ধ সমৃদ্ধ সভ্যতা। ধর্মীয় আচার হলো মাতৃরূপা প্রকৃতি বন্দনা। আপন সৃষ্টিরে স্থাপি হৃদি স্থল মাঝে অনাবিল নৃত্যগীতে রহে নিমগন। পাশ্চাত্যের উগ্র সংস্কৃতি ধায় নীতি গাঁথিবারে ভারতীয় সনাতনী রীতি তথাপি অম্লান সেথা ভূমিজ পরম্পরা। আপন স্বাতন্ত্র্য রক্ষিত রহে সমুজ্জ্বল নিস্পাপ মাধুর্য রাশি বিলায়ে নীরবে। প্রীতির আবহে পূর্ণ নয়নাভিরাম পরম্পরা গর্ব আর অহংকার মম। দুর্যোগের কালো মেঘে ছাইল সহসা আনন্দ আকাশ। লালসা লিপ্ত বিদেশী শাসক যবে পাশবিক অত্যাচারে করি নিপীড়ন উচ্ছেদিল অধিকার বন্যভূমি হতে। রক্তচক্ষু উপেক্ষিয়া প্রতিবাদ করেছিল বীর সন্তানেরা। সঙ্ঘবদ্ধ সশস্ত্র সংগ্রামে প্রাণ দিল বলিদান অজস্র জওয়ান। অগণিত নরনারী হয়েছে শহীদ স্বাধিকার প্রতিষ্ঠায়। করেছে প্রমাণ স্বর্গ হতে বড় মাতৃভূমি। যেই অরণ্যানি দানে পরিপুষ্ট দেহ মন প্রাণ তাহার রক্ষার ব্রত কর্তব্য মোদের। শিক্ষা দিল— অন্যায় আর অবিচার মোকাবিলা তরে উচ্চ শির কভু যেন নত নাহি হয়। তাই পূর্বসূরি পদে জানায়ে জহার করি অঙ্গীকার, দূষণ মুক্ত পরিবেশ করিতে রচনা রুধিব সকল বাধা সর্ব শক্তি দিয়া। নতুন প্রজন্ম যেন দেখিবারে পায় বালার্ক আভায় পূর্ণ উদ্ভাসিত উজ্জ্বল প্রভাত।।</p>