biography
অমর শহীদ জিলপা লায়া (১৭৭৪-১৮৩৪)
লেখক: লক্ষ্মীনারায়ণ সিং সর্দ্দার (প্রাথমিক শিক্ষক)

১৭৬৫ সালে ব্রিটিশ শাসক বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভের পরপরই শান্ত স্নিগ্ধ জঙ্গলমহলে নেমে আসে ব্রিটিশ সাম্রাজ্যবাদের করাল ছায়া। তাই শত সমস্যার মধ্যেও জঙ্গলমহলের ভূমি পুত্ররা দশকের পর দশক ধরে সংগঠিত বা অসংগঠিত ভাবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে। ১৭৬৮-৬৯ সালের পর থেকেই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৎকালীন বিভিন্ন ভূমিজ জমিদারদের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতায় পরাধীন ভারতে জঙ্গল মহলের ঘাটোয়াল, সর্দার, পাইকদের নেতৃত্বে যে বিদ্রোহ শুরু হয়েছিল, সেই চুয়াড় বিদ্রোহ ১৭৯৯ সালে চরম আকার নিয়েছিল। ঠিক এই সময়েই বিদ্রোহের আগুনে জ্বলতে থাকা জঙ্গলমহলে ১৭৭৪ সালের ৩রা মে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বলরামপুর থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম বাড়েদা (ঝাড়খণ্ড) তে সাধারণ আদিবাসী ভূমিজ পরিবারে জন্ম নিয়েছিলেন ভূমিজ বিদ্রোহ বা জঙ্গলমহলের নীল বিদ্রোহের এক অন্যতম বীর সেনানী জিলপা লায়া। পিতা পাড়ুই লায়া ও মাতা ভরুলতা দেবীর অভাবের সংসারে জিলপার শৈশব কেটেছিল আর বাকি আদিবাসী ছেলেদের মতোই। কিন্তু জেদি আর পরিশ্রমী স্বভাবটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। আর এটাই তাঁকে পরবর্তীতে বিদ্রোহী জিলপা লায়া হয়ে উঠতে সাহায্য করেছিল।

দেশে ইংরেজদের সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকেই চাষিদের নীল চাষ করতে বাধ্য করতে থাকে প্রশাসন। জঙ্গলমহলের বেড়াদা, বাড়েদা, বুকডি, রায়ডি, হাতকুদা, বুড়িভাসা, সুরুগগোড়া, ভূষেনডি, পড়োড়াগোড়া প্রভৃতি গ্রামগুলিতে জোর করে চাষিদের নীল চাষ করতে চাষিদের বাধ্য করত। কৃষকরা বাধ্য হয়ে তাদের ধানী জমি ও জলের জমিতে নীল চাষ করত। এর অন্যথা হলে তাদের উপর অকথ্য নির্মল অত্যাচার চালান হত। এছাড়াও সাধারণ মানুষদেরও বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য করা হত। সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে লাগল এরফলে এলাকার অসহায় মানুষগুলো নীরবে এই অত্যাচার থেকে বাঁচার পথ খুঁজত। নীলকর সাহেবদের এহেন অত্যাচারে চাষি থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল। এই বঞ্চিত শোষিত নিপীড়িত কৃষকদের সংগঠিত করে তাদের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন অসম সাহসী, দুর্ধর্ষ, নির্ভীক, আজন্ম ব্রিটিশ বিরোধী আদিবাসী যুবক জিলপা লায়া (মতান্তরে জিরপা লায়া)।

বিশেষজ্ঞদের মতে ভারতবর্ষের এই প্রাচীনতম অভিজাত অনার্য জাতিটি সুদূর অস্ট্রেলিয়া থেকে পাড়ি দিয়ে সিন্ধু নদীর উপত্যকায় এসে বসতি স্থাপন করে। কিন্তু পরবর্তীতে বর্বর আর্য জাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিন্ধু উপত্যকা ত্যাগ করে উত্তর ভারতের জঙ্গলাকীর্ণ পথ অতিক্রম করে ছোটনাগপুর মালভূমিতে এসে পৌঁছায়। কংসাবতী আর সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠে এদের নতুন বসতি। এই গহন অরণ্যে বাস করার জন্য বহু প্রতিকূলতাকে অতিক্রম করতে কঠিন কঠোর জীবন অতিবাহিত করতে হয়েছে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান আর অন্যদিকে অনুর্বর পাহাড়ি জমি এবং হিংস্র জন্তুদের সঙ্গে লড়াই করে জীবন ধারণ করতে করতে এই জাতিকে একদিকে যেমন সরল সৎ হতে সাহায্য করেছে তেমনি সাহসী ও প্রতিবাদী হতেও সাহায্য করেছে। এই ভূমিজ জাতিরই উবু শাঁড়ি গোত্রের একটি বংশধর বর্তমান আড়ষা (নিমিডি থানা) এবং পশ্চিমবঙ্গ (বলরামপুর থানা) রাজ্যের সীমান্তবর্তী গ্রাম বাড়েদা (মুন্ডারী শব্দ 'দা' জল) গ্রামে বসবাস শুরু করে। কথিত আছে কোন এক সময় এই বংশের ছোট ছেলে এই এলাকায় এসে পৌঁছায় এবং একটি বট গাছের তলায় পাথরের নীচ থেকে ধোঁয়া উড়তে দেখে পাথর সরালে নির্মল জলের সন্ধান পায়। এখানের শ্যামনাপীন এলাকার জঙ্গল সাফ করে এরা বসবাস শুরু করে। "খাইড়া" দেবতার উপাসক পূর্বসূরিদের আরাধনায় তারা নাকি পেয়েছিলেন সাহস, শক্তি আর বীরত্ব। এই বংশেরই উত্তরসূরি জিলপা লায়া।

আরণ্যক জীবন শিকারী জীবিকা আর "খাইড়া" দেবতার আশীর্বাদে জন্মসূত্রেই জিলপা লায়া পেয়েছিলেন পূর্বপুরুষের সাহস, শক্তি, তেজস্বিতা আর বীরত্ব। সঙ্গে ছিল বঞ্চিত শোষিত মানুষজনের প্রতি গভীর ভালোবাসা আর ছিল ব্রিটিশের প্রতি তীব্র বিরোধিতা। 'দলমা পাটি দেলাম এলাকা' এলাকার থানচাটনিতে লায়া ও ভূমিজদের আরাধ্য দেবতা) এর সাধক ছিলেন তিনি। থাকতেন বনময় দুর্গম এলাকা আড়ালকাটায়। সেখানকার নির্জন 'এরা ডুভরি'তে 'বীরমাটি' বা 'মাল' মেখে দেবতার আরাধনা করতেন। 'এরা পাটি' (জাত দেবতা এই নামেই পূজিত হতেন এরা ডুভরিতে) এরও সাধক ছিলেন তিনি। কিষণ সিং, ধুরুপ সিং প্রমুখরাও 'মাল' মাখতেন তাঁর সঙ্গে। এভাবেই সাধনা করতে করতেই তিনি নাকি অধিকারী হয়েছিলেন অলৌকিক ক্ষমতার। তাঁর আসুরিক শক্তির নানা কাহিনী এখনো বরাভুম, বরাবাজার, নিমিডি, চাণ্ডিল, পটিমদা এলাকার অতি পুরনো মানুষ জনের মুখে মুখে শোনা যায়। 'যে যায় জিলপার কাড়/তার বউ নির্ঘাৎ রাঁড়' জিলপার তীর চালনার দক্ষতা সম্পর্কে এই প্রবাদ চালু আছে এখনো। এরা ডুভরির বিশাল বিশাল পাথর অতি অবলীলায় তুলে দিতে পারতেন তিনি। তিনি ও তাঁর সঙ্গীরা ওই সব পাথর তুলে কুস্তি ও ব্যায়ামের অনুশীলন করতেন। বড়ো বোঝাই করা গাড়ির জোয়াল ধরে তা অতি সহজেই চেনে নিয়ে যেতে পারতেন তিনি। তাঁর নিক্ষিপ্ত তীর নাকি সাতটি ক্ষেতের আল ভেদ করতে পারতেন। তিনি ছিলেন ক্ষিপ্র গতি সম্পন্ন তাই মুহূর্তের মধ্যে তিনি নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যেতে পারতেন। গাছপোড়া এই বীর যুবকের শরীর যেন তৈরী ছিল শক্ত পাথর দিয়ে। কিন্তু ইস্পাত কঠিন এই যুবকের মন ছিল কুসুমকোমল। প্রত্যুৎপন্নমতিতায় তিনি ছিলেন অসাধারণ। এ সব সত্ত্বেও তিনি ছিলেন নীলকর সাহেবদের শোষণ অত্যাচারের প্রতিবাদ আর বিদ্রোহের মূর্ত প্রতীক। তাঁর বাসস্থান শ্যামনাপীন এ তিনি ব্রিটিশদের আধিপত্য কায়েম হতে দেননি। দলমা পাহাড়ের পাদদেশে বাটুলকার জঙ্গলে তিনি অন্যান্য সহযোগীদের নিয়ে বানিয়েছিলেন ব্রিটিশদের আক্রমণের গোপন আস্তানা। স্থানটি এতই দুর্ভেদ্য দুর্গম ছিল যে ব্রিটিশরা সেখানে আসতেই পারত না। এভাবেই জিলপা লায়ার নেতৃত্বে দলমার পাহাড়ি এলাকায় কমপক্ষে কুড়িটি সশস্ত্র দল গড়ে উঠেছিল। তিনি ছাড়াও সেসময়ের আরও কয়েক জন বীর যোদ্ধা যেমন দিগনে লায়া (বাছড়া), চন্দ্রমোহন সিং (সারি), ভরত ভুঁইয়া (গবারডিহি) উল্লেখযোগ্য। তীর ধনুক টাঙি তলোয়ার এর মতো অতি সাধারণ অস্ত্র নিয়ে জিলপা লায়া সুসজ্জিত ব্রিটিশ বাহিনীকে যেভাবে পর্যুদস্ত করেছিল তা সত্যই বিস্ময়ের।

নীলকর সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ, শোষিত মানুষগুলির মুক্তির আশা নিয়ে যে আন্দোলন জিলপা লায়া শুরু করেছিলেন তা ১৮৩২-১৮৩৩ সালের অপর এক ভূমিজ মহাযোদ্ধা গঙ্গানারায়ণ সিং এর 'ভূমিজ বিদ্রোহেরই' অংশ যাকে অনেকেই 'গঙ্গানারায়ণ হাঙ্গামা' বলে অভিহিত করেছেন। এই বিদ্রোহ কতটা ভয়ঙ্কর ছিল তা সহজেই অনুমান করা যায়, ব্রিটিশ সরকারের সেই সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে (যেমন বিদ্রোহের ভয়ঙ্কর রূপ দেখে এই এলাকার নিয়ন্ত্রণ রাখতে ব্রিটিশ শাসক বাধ্য হয়ে ১৮৩৩ সালে পৃথক মানভূম জেলা গঠন করেছিল)। দলমার কোলে মালভূমির রুক্ষ মাটিতে শোষণ মুক্ত সমাজ গড়ার স্বপ্ন নিয়ে জিলপা লায়ার লড়াই ছিল অপরাজেয়। ব্রিটিশ বাহিনী জিলপা লায়াকে বারবার ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে, বরঞ্চ জিলপার নেতৃত্বে তাঁর গেরিলা বাহিনীর অতর্কিত আক্রমণে বহু ইংরেজ সৈন্য কে প্রাণ দিতে হয়েছে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্থানীয় ব্রিটিশ চাটুকারদের বিশ্বাসঘাতকতাই একদিন এই পরাক্রমী বীর কে ব্রিটিশ বাহিনীর হাতে বন্দি হতে হয়। বিশ্বাসঘাতকদের সহযোগিতায় নিয়ে ব্রিটিশ বাহিনী বেইমানি করে ঘুমন্ত জিলপাকে ঘিরে ধরে এবং বন্দি করে। শৃঙ্খলে আবদ্ধ জিলপাকে মারতে মারতে বেরাদার নীলকুঠিতে (বর্তমানে যা বেড়াদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) নিয়ে আসে। সেখানেও চলে অকথ্য অত্যাচার। এরপর অর্ধমৃত জিলপাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তাঁর মৃত্যু সুনিশ্চিত করা হয়। এতেও আতঙ্ক আর আশঙ্কা কমেনি ব্রিটিশদের। তাই মৃতদেহ অর্ধদগ্ধ করে বাঘারার পাশে প্রকাশ্য রাস্তার ধারে একটি মহুল গাছে পেরেক দিয়ে আটকে দেওয়া হয়। এই নারকীয় বীভৎসতার অন্যতম উদ্দেশ্যই ছিল এলাকায় ভীতির সঞ্চার করা এবং বিদ্রোহীদের ভয় দেখিয়ে বিরোধিতা থেকে নিবৃত্ত করা। এভাবেই শোষিত অত্যাচারিত মানুষের মনে মুক্তি আর বিদ্রোহের দীপশিখা জ্বালিয়ে ১৮৮৩ সালের ১৩ ই এপ্রিল জিলপা লায়া শহীদের মৃত্যু বরণ করেছিলেন।

এই আদিবাসী বীর সন্তান আজও তাঁর যোগ্য সম্মান পাননি। ভূমিজ বিদ্রোহ তথা জঙ্গলমহলের নীল বিদ্রোহের নায়ক জিলপা লায়ার জীবন কাহিনী এবং তাঁর অবদান সেরকম ভাবে কোথাও লিপিবদ্ধ হয়নি। ফলে জিলপার বীরগাথার প্রায় সবথেকে গেছে ইতিহাসের আড়ালে, বিস্মৃতির অন্তরালে। তাই ইতিহাস স্রষ্টার ইতিহাসে ঠাঁই না পাওয়া বিস্ময়কর নয় বেদনাদায়কও।

পরবর্তীতে এই বীর বিপ্লবীর স্মৃতিকে স্মরণ রাখার চেষ্টা হয়েছে। পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত বেড়াদাতে শহীদ বেদী (১৯৯২ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এর শুভ-উদ্বোধন করেন) বানানো হয়েছে, এই থানার অন্তর্গত মালতী গ্রামে তাঁর নামে নামাঙ্কিত বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে যা 'মালতী শ্যামনগর জিলপা লায়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়' নামে পরিচিত।

আজও তাঁর পৈত্রিক গ্রাম বেড়াদাতে গেলে তাঁর বর্তমান বংশধরদের পরিচয় পাওয়া যায়। বেড়াদা গ্রামের অধিকাংশ ভূমিজ পরিবারেই তাঁরই বংশধর। এছাড়াও তাঁর সাধনার জায়গা আড়ালকচা পাহাড়, এরা ডুভরি, কুস্তি ও ব্যায়াম অনুশীলনের সামগ্রী বিশাল বিশাল পাথর-সবই এখনও বিরাজমান।

তথ্যসূত্র :-

The Bhumij Revolt (1932-33) - J.C.Jha.

Bengal District Gazetteers (Midnapore)- L.S.S, O'Malley I.C.S.

জিলপা লায়ার বর্তমান প্রজন্মের এবং পার্শ্ববর্তী এলাকার বয়জ্যেষ্ঠ মানুষদের মৌলিক তথ্য থেকে।