history

ভূমিজ বিদ্রোহ (১৮৩২-৩৩)

লেখক: ধনঞ্জয় সর্দ্দার

১৭৬৫ খ্রিস্টাব্দে মুঘলদের কাছ থেকে দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ কীভাবে আদিবাসীদের ওপর অত্যাচার শুরু করেছিল তা গঙ্গানারায়ণ সিংহের জীবনী থেকে পরিষ্কার হয়ে যায়। ১৭৬৫ খ্রিস্টাব্দের পূর্বে মুঘলরা ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল শাসন করতো। সেই সময় তাঁরা আদিবাসীদের কাছ থেকে জমি চাষের জন্য কোনও কর নিত না। তারা আদিবাসীদের পাইকের বিনিময়ে স্বেচ্ছায় জমি চাষ করতে দিত। সেই কারণে এই জমিকে পাইকন জমি বলা হয়। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে জমির মালিকানা আসার পর থেকে আদিবাসী ভূমিজদের ওপর শুরু হয় চরম অত্যাচার। সেই সময় কৃষকরা জমির কর নির্দিষ্ট করে দেয়। আর আদিবাসীরা সেই কর দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে কর বৃদ্ধি পেত। আর সেই কর দিতে না পারলে জমি নিলাম করে অন্যত্র বিক্রি করে দেওয়া হতো। এছাড়াও প্রায়শই মহিলাদের ওপর যৌন হেনস্তা করা হতো। সেই সময় মহিলাদেরকে ধর্ষণ করা ছিল নিত্য দিনের ঘটনা। এই অত্যাচারের বিরোধিতা করে ১৭৬৫ খ্রিস্টাব্দের পরে ছোটবড় একাধিক বিক্ষোভের মতো ঘটনা ঘটে। ইতিহাসবিদেরা ১৭৬৭ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ সালের বিদ্রোহকে "চুয়াড় বিদ্রোহ" বলে আখ্যা দিয়েছেন। কিন্তু এই বিদ্রোহ চরম আকার নেয় ১৮৩২-৩৩ এর "ভূমিজ বিদ্রোহ"-এর সময়। অনেকে এই বিদ্রোহকে গঙ্গানারায়ণ হাঙ্গামাও বলেন।

বিবেকনারায়ণ সিং ছিলেন ভূমিজদের সাত ভূমের মধ্যে বরাভূমের রাজা। বিবেকনারায়ণের দুই রানী (স্ত্রী) ছিলেন। বড় রানীর পুত্রের নাম ছিল লক্ষণ সিং ও ছোট রানীর পুত্রের নাম ছিল রঘুনাথনারায়ণ সিং। উত্তরাধিকার সূত্রে লক্ষণ সিংয়ের বরাভূমের রাজা হওয়ার কথা ছিল। কিন্তু ইংরেজদের সহযোগিতায় বিবেকনারায়ণের সিংয়ের মৃত্যুর পর রাজা হল রঘুনাথনারায়ণ সিং। আর লক্ষণ সিংকে দেওয়া হয় পাঁচ সর্দারি বা ঘাটোয়ালের পদ। অর্থাৎ ভূমিজদের পাঁচটি মৌজার সর্দারের প্রধান করা হয়েছিল লক্ষণ সিংকে। পরবর্তীকালে সর্দার বা ঘাটোয়ালদের নিয়ে লক্ষণ সিং ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেন। সেই সময় মেদিনীপুরের গভর্নর ফার্গুসেন ছলনা করে লক্ষণ সিংকে ডেকে পাঠান। লক্ষণ সিং মেদিনীপুরের প্রেসিডেন্সিতে হাজির হলে, তাঁকে ইংরেজদের বশ্যতা স্বীকার করার জন্য জোর করা হয়। তিনি তা অস্বীকার করেন। এরপরে ফার্গুসেন তাঁকে মেদিনীপুরের জেলে পুরে দেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

লক্ষণ সিংয়ের ছেলে গঙ্গানারায়ণ ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকেন। অসাধারণ মেধা ও বিচারবুদ্ধির কারণে তিনি পাড়া প্রতিবেশী থেকে গ্রামের চোখের মণি হয়ে ওঠেন। অন্যদিকে, রঘুনাথনারায়ণ সিংয়ের দুই পুত্র ছিলেন। গোবিন্দ সিং ও মাধব সিং। রঘুনাথ নারায়ণ সিংয়ের মৃত্যুর পর তাঁর তিন বংশধরেরা হলেন গঙ্গানারায়ণ সিং, গোবিন্দ সিং ও মাধব সিং। গঙ্গানারায়ণ সিংয়ের বরাভূমের রাজা হওয়ার কথা ছিল। কিন্তু ইংরেজদের সঙ্গে চাটুকারিতা করে মাধব সিং তাঁর দাদা গোবিন্দ সিংকে বরাভূমের রাজা করেন। গোবিন্দ সিং রাজা হওয়ার পরেই প্রজাদের ওপর অত্যাচার আরও বেড়ে যায়। সেই সময় মাধব সিং নিজের প্রতিপত্তি বাড়াতে থাকে। এই পরিস্থিতিতে গঙ্গানারায়ণ সিং পাঁচ মৌজার সর্দার ও সাধারণ ভূমিজ প্রজাদের সঙ্গে গোপন বৈঠক করেন। এই বৈঠকে প্রজাদের ওপর অত্যাচারের কাহিনী ফুটে ওঠে। পাশাপাশি ফুটে ওঠে ইংরেজদের সঙ্গে রাজা গোবিন্দ সিং ও তাঁর মাধব সিংয়ের সুসম্পর্কের কথা। সেই বৈঠকে বরাভূমের রাজার অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ প্রজারা হাত মেলান। সেই সময় দলে দলে যুবকরা গঙ্গানারায়ণ সিংহের বাহিনীতে যোগ দিতে শুরু করেন। এই ভাবেই ১৮৩২-৩৩ সালে "ভূমিজ বিদ্রোহ" -এর উৎপত্তি হয়েছিল।

বিদ্রোহের একেবারে শুরুর দিকে "নারায়ণ সেনা" মাধব সিংকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বর্তমানে ঝাড়খণ্ডে বামনির পূর্বদিকে ২ কিমি দূরে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়। এরপর ১৮৩২ সালের ১ মে নারায়ণ বাহিনী বরাবাজার কাছারিতে হামলা করে ও বাজার লুঠ করে। পরের দিন বরাবাজার থানা লুঠ করে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার তীব্রতা দেখে বাঁকুড়ার কালেক্টর রাসেলকে বরাবাজারে পাঠানো হয়। রাসেল বরাবাজার থানায় উপস্থিত হয়ে ভূমিজ সর্দারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তিনি নির্ভয়ে গঙ্গানারায়নকে সারেন্ডার করার অনুরোধ করেন। বিনিময়ে ১০০০ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়। কিন্তু ১৮৩২ সালে ১২ মে ক্যাম্পের আশেপাশের পরিবেশ পাল্টাতে থাকে। জঙ্গলে ক্রমাগত তীর চালানোর শব্দ ভেসে আসতে থাকে। ১৩ মে ম্যাজিস্ট্রেট ক্যাম্পের চারপাশে বিদ্রোহীদের ঘুরতে দেখা গিয়েছিল। আশেপাশের পরিস্থিতি থমথমে হয়ে গিয়েছিল। যেন যুদ্ধের আগের মুহূর্ত। ১৪ মে রাসেলের ক্যাম্প ঘিরে ফেললেন গঙ্গানারায়ণের সেনারা। ক্রমাগত চলতে থাকে তীর। সেই সময় রাসেল চোখের সামনে তাঁর সেনাদের মৃত্যু বরণ করতে দেখেন। রাসেল সেই সময় গঙ্গানারায়ণের সেনাদের প্রস্তাব দেন, ক্যাম্প থেকে যে অস্ত্র তাঁরা লুঠ করছেন, তা যদি ফেরত দেন, তাহলে ভূমিজদের জমি ফেরত দেওয়া হবে। পাশাপাশি ৮০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। কিন্তু সেই প্রস্তাব গঙ্গানারায়ণের সেনারা পাত্তা দেননি। সেই হামলার জেরে রাসেলকে প্রাণ বাঁচাতে জলের ট্যাঙ্কের ভিতর আশ্রয় নিতে হয়েছিল।

এরপর কাতারে কাতারে মানুষ গঙ্গানারায়ণের এই হাঙ্গামায় যোগ দেন। ইংরেজরা বর্ধমান থেকে সেনা পাঠিয়ে এই বিদ্রোহ দমন করতে চেয়েছিল। তা ব্যর্থ হয়। ধীরে ধীরে গঙ্গানারায়ণের পরিধি বাড়তে থাকে। গঙ্গানারায়ণের সেনারা প্রথমে পুঞ্চ থানা আক্রমণ করেন। এরপর রায়পুর, ফুলকুশোমা, অম্বিকানগরে হামলা চালানো হয়। অস্ত্র লুঠ করে থানা পুড়িয়ে দেওয়া হয়। গঙ্গানারায়ণের বাহিনী ক্রমাগত শক্তিশালী হতে থাকে। ধীরে ধীরে আরও যুবক গঙ্গানারায়ণের বাহিনীতে যোগদান করেন। গঙ্গানারায়ণের বাহিনী একাধিক ব্রিটিশ ছাউনি আক্রমণ করে ও পুড়িয়ে দেয়। মেদিনীপুরের দেউলিতে গঙ্গানারায়ণ বাহিনীর সঙ্গে ইংরেজদের প্রবল যুদ্ধ হয়। পরবর্তীতে বর্ষাকাল এসে যাওয়ায় বিদ্রোহের বিঘ্ন ঘটে। সেই সময় গঙ্গানারায়ণ তাঁর দলবল নিয়ে দলমার বাটালুকার জঙ্গলে আত্মগোপন করে থাকেন। বর্ষা শেষ হলে পুরুলিয়ার চাকোলতোড়ে ফের সংঘর্ষ শুরু হয়। ১৮৩২ সালের ১৭ সেপ্টেম্বর ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নারায়ণ বাহিনীর অনেক সেনার মৃত্যু হয়। এখন পর্যন্ত প্রতি বছর ১৭ সেপ্টেম্বর ছাতাতে শোক দিবস হিসেবে চাকড়তাড়ি ছাতা পরব হয়ে থাকে।

১৭৬৭ থেকে ১৭৯৯ পর্যন্ত চুয়াড় বিদ্রোহে আদিবাসীদের ক্ষমতা অবাক করে দিয়েছিল ইংরেজদের। পরিস্থিতি সামাল দিতে জঙ্গলমহল নামে নতুন জেলা তৈরি করা হয়েছিল। গঙ্গানারায়ণ সেই জঙ্গলমহলে একের পর এক থানা লুঠ করে, ইংরেজদের পর্যুদস্ত করে হয়ে উঠেছিলেন পরাধীন ভারতের স্বাধীন রাজা।

অন্যদিকে পোড়াহাটের রাজা ছিলেন চৈতন্য সিং। তাঁর দুই পুত্রের মধ্যে একপুত্র ছিলেন খরসনার রাজা। অন্য আর এক পুত্র ছিলেন সারাইকেল্লার রাজা। খরসনার রাজা ইংরেজদের সঙ্গে সন্ধি করে ভূমিজ প্রজাদের ওপর প্রবল অত্যাচার করেন। প্রজারা বেশিরভাগ কোলে সম্প্রদায়ের ছিল। খরসনার প্রজারা ভিন্ন জাতির হলেও গঙ্গানারায়ণ তাঁদের প্রতি এই অত্যাচার সহ্য করতে পারেননি। তিনি কোলে সম্প্রদায়ের পাশে দাঁড়াতে হিন্দুসর থানা আক্রমণ করেন। তবে তিনি নারায়ণ সেনাবাহিনীর সকলকে নিয়ে যাননি। এই কথা ঠাকুর সিং আগেই জানতে পেরে গিয়েছিলেন। সেই সময় প্রবল লড়াই চলে। ১৮৩৩ সালের ৮ এপ্রিল নিহত হন গঙ্গানারায়ণ সিং। গঙ্গানারায়ণ সিং শুধু বীর ছিলেন না, তিনি ভূমিজ জাতির বীরত্বের প্রতীক ছিলেন। সমস্ত ভূমিজ জাতিকে তিনি এক সুতোয় বেঁধেছিলেন।